বগুড়া ব্যুরো:
বগুড়ায় বিদেশি পিস্তল, তাজা গুলি এবং একাধিক দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে শহরের রহমাননগর ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সোয়া তিনটায় বগুড়া সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের রহমাননগর জিলাদার পাড়ার আব্দুস সালামের ছেলে মো: জিহাদ (২৩), সদরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত রাঘুর ছেলে মো রাসু (২০), ইসলামপুর হরিগাড়ি এলাকার মোঃ চান মিয়ার ছেলে মো. আরিফ আহম্মেদ কবির (২৪) ও সুত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. রিয়াদ (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি তাজা গুলি, ৬টি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারি দায়ের করা ছিনতাই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জিহাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমাননগর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি কক্ষ থেকে টেডি বিয়ারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, তিনটি তাজা গুলি ও একাধিক ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়। পরে জিহাদের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা বগুড়া শহরের সাতমাথা থেকে আজিজুল হক কলেজ, তিনমাথা সড়কসহ বিভিন্ন এলাকায় কৌশলে ছিনতাই করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার পর আজিজুল হক কলেজের পশ্চিম পাশে রকেট এজেন্সির সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই করে চক্রটি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং ছিনতাই আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে।
এসময় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বিদেশি পিস্তলসহ চার ছিনতাইকারি গ্রেপ্তার: গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
জানুয়ারি ১৮, ২০২৫


































