বগুড়া ব্যুরো:
বগুড়ার গোকুল বাজারে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুলাভাই ও শ্যালক দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার গোকুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম (৫৭)। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। তাদের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারির ব্যবসা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাটের ওসি মনোয়ারুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা জানান, বিকেলে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২০-৫৪৮৩) যোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। এসময় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় মাইক্রোবাসের ধাক্কা কবির আহমেদ (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পৌর শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মরহুম বজলুল হকের ছেলে। শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক সত্যতা নিশ্চিত করে জানান যানটি আটক করা সম্ভব হয়নি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুলাভাই-শ্যালকসহ নিহত ৩
জানুয়ারি ২১, ২০২৫
































