বগুড়া ব্যুরো :
জন্ম থেকেই প্রতিবন্ধী চার ভাই-বোন। মাথার ওপর নেই বাবা-মায়ের ছায়া। অভাব-অনটন আর অসহায়ত্বের সঙ্গে লড়াই করেই কোনোভাবে দিন কাটছিল তাদের। এমন মানবেতর জীবনযাপনের খবর পেয়ে অসহায় চার ভাই-বোনের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নন্দীগ্রাম উপজেলার ভুস্কর দক্ষিণপাড়ার ওই অসহায় পরিবারের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি চার ভাই-বোনের খোঁজখবর নেন এবং তাদের হাতে চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।
অসহায় চার ভাই-বোন হলেন, আদম আলী, আকবর আলী, আবু মুসা ও বেবিয়া। তারা জন্ম থেকেই প্রতিবন্ধী। তাদের বাবা মৃত লজিবর আকন্দ। আট ভাই-বোনের মধ্যে চারজনই প্রতিবন্ধী বলে পরিবার ও স্থানীয়রা জানান। পরিবারটির দুর্দশা আরও বেড়ে যায় বাবা-মাকে হারানোর পর। প্রায় এক বছর আগে বাবা লজিবর আকন্দ মারা যান। এরও প্রায় ১৪ বছর আগে তাদের মা মৃত্যুবরণ করেন। এরপর থেকে বাবা-মায়ের স্নেহ-ছায়াহীন অবস্থায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছিল চার ভাই-বোনের। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে এমপি মোশারফ হোসেন তাদের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিনের অসহায় জীবনে একজন জনপ্রতিনিধিকে পাশে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যদের চোখে-মুখে যেমন ছিল কষ্টের ছাপ, তেমনি এমপিকে কাছে পেয়ে ফুটে ওঠে আশার আলো।
এমপি মোশারফ হোসেন তাদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজনের সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, চার ভাই-বোন দীর্ঘদিন ধরেই অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। জন্মগত প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে কাজকর্ম করে উপার্জন করাও তাদের পক্ষে সম্ভব নয়। বাবা-মা দুজনই মারা যাওয়ায় তাদের জীবন আরও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এমপি মোশারফ হোসেন তাদের বাড়িতে এসে খোঁজ নেওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি দেখা গেছে।
খাদ্যসামগ্রী হাতে তুলে দেওয়ার সময় এমপি মোশারফ হোসেন বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। যারা সত্যিকার অর্থে অসহায়, তাদের খোঁজ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
চার ভাই-বোনের জন্য এমপির এই আকস্মিক আগমন এবং খাদ্যসহায়তা তাদের কাছে যেন দীর্ঘদিনের কষ্টের মাঝে একটুকরো স্বস্তি হয়ে আসে। এমপিকে বিদায় জানানোর সময়ও পরিবারের সদস্যদের চোখেমুখে ছিল আবেগ ও কৃতজ্ঞতার ছাপ।
এ সময় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমনসহ উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
নন্দীগ্রামে চার প্রতিবন্ধী ভাই-বোনের মানবেতর জীবন
সেপ্টেম্বর ১৭, ২০২৬
































