বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় রাজেক আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আটটার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজেক আলী উপজেলার বিশালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর শহরের খেজুরতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা অনেককে আসামি করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বিক্ষোভ মিছিলে অস্ত্রসহ হামলা চালানো হয় এবং বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে সোহাগ ও শান্ত নামের দুইজন গুরুতর আহত হন। মামলায় সাবেক এমপি হাবিবর রহমান, তার ছেলে আসিফ ইকবাল সনি, ব্যক্তিগত সহকারী কোরবান আলী মিলন, সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, তার ছেলে শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোওয়ার রহমান মিন্টুসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা ও শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘মামলার তদন্তের অংশ হিসেবে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছিল। এরই ধারাবাহিকতায় রাজেক আলীকে গ্রেফতার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
আমন্ত্রণ/এসিজি


































