বগুড়া ব্যুরো
বগুড়ার গাবতলীতে নারীকে মারপিট শ্লীলতাহানি বাসা বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে পুলিশ যুবদল নেতা বাশার (৩৫) কে গ্রেফতার করে-জেল হাজতে প্রেরণ করেছে। বাশার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের বড় সাগাটিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক খোকার ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, রামেশ্বরপুর বড় সাগাটিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে সৌদী প্রবাসী শফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশি টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে ঘটনার দিন সোমবার (১৪ জুলাই) রাত ৮টায় প্রতিবেশীরা তার বাড়িতে বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও টাকা পয়সা সোনার গহনা লুট করে। এসময় বাধা দিলে যুবদল নেতা বাসারের হুকুমে বাদীর স্ত্রী কল্পনা বেগম (৪৫) কে রডের আঘাতে বাম চোখ থেতলে গুরুতর জখম করে দেয়। এসময় তারা বাদীর মেয়ের শ্লীলতাহানিও ঘটয়। আহত বাদীর স্ত্রী কল্পনা বেগমকে গাবতলী উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাতেই শফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাশারকে প্রধান আসামী করে গাবতলী মডেল থানায় মামলা করেন। মামলায় ওয়াদুদ, মোঃ রতন, রাবু মিয়া, মনোয়ার হোসেন রিমন পিলু, শহিদ হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়।
গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, বসতবাড়ি ভাঙচুর মামলায় যুবদলনেতা বাসারকে রাতেই গ্রেফতার করা হয়।মঙ্গলবার (১৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় নারীর শ্লীলতাহানির মামলায় যুবদল নেতা কারাগারে
জুলাই ১৫, ২০২৫


































