বগুড়া ব্যুরো :
তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। শনিবার (২ মে) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে ভার্চুয়ালি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর পরপরই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে।
মীর শাহে আলম বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, সিভিল সার্জন খুরশীদ আলম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ অনেকে।
জানা গেছে, এ আয়োজনে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় একজন খেলোয়াড় সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।
আমন্ত্রণ/এজি

































