বগুড়া ব্যুরো:
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের কাছে ট্রেনের ধাক্কায় এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার আজিজের ছেলে আব্দুল বারি নিরব (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের মূল ফটক থেকে প্রায় ৩০০ গজ আগে রেললাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ট্রেনে কাটা পড়ে এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। আমরা তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ট্রেনের ধাক্কায় ফুচকা বিক্রেতার মৃত্যু
সেপ্টেম্বর ৩, ২০২৫
































