বগুড়া ব্যুরো :
বগুড়ার গাবতলীতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পীরগাছা এলাকায়। গাছের সঙ্গে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ণের বিরুদ্ধে মারধর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রিদিয়াত হোসেন একজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
গাবতলী মডেল থানার ওসি আসিক ইকবাল বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় তাকে স্থানীয় লোকজন আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে গণপিটুনি
ডিসেম্বর ২০, ২০২৪


































