বগুড়া ব্যুরো :
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।বুধবার (৭ মে) বিকেলে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন সড়ক হয়ে সাতমাথার মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, শহর সেক্রেটারি হাবিবুল্লাহ খন্দকার, পূর্ব সেক্রেটারী শাহরিয়ার হোসেন বিপ্লব, পশ্চিম সেক্রেটারী হাফেজ ইমরান হোসেন প্রমুখ।
নেতারা বলেন, ‘শেখ হাসিনার পতনের পর বহু ফাঁসির দÐপ্রাপ্ত ব্যক্তি মুক্তি পেলেও ১০ মাস পার হয়ে গেলেও এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় তিনি এখনো কারাবন্দি।’তারা আরও বলেন, ‘এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে, না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরের বাতিল করা নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানান। একই সঙ্গে ৫ মে শাপলা চত্বরে গণহত্যা এবং বিগত সরকারের সময়ে ঘটে যাওয়া গুম-খুনের বিচার দাবি করেন তারা। ছাত্রশিবিরের দাবি, বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































