বগুড়া ব্যুরো:
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান। তিনি আমাদের বলেছেন, কাউকে ভয় দেখিয়ে নয়, বরং মানুষের সঙ্গে মানবিক আচরণ করে তাদের মন জয় করতে হবে। সেই লক্ষ্য নিয়েই সারা দেশে কাজ করে যাবে যুবদল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বগুড়া শহরের নবাববাড়ী এলাকায় টিএমএসএস অডিটরিয়াম হল রুমে জেলা যুবদল আয়োজিত সাংগঠনিক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি উল্লেখ করে মুন্না বলেন, জনপ্রিয়তার দিক থেকে তারেক রহমান শীর্ষে রয়েছেন, আর এ কারণেই কোনো কোনো মহল তাকে হিংসার চোখে দেখছে।
তিনি বলেন, দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর বগুড়া ও উত্তরাঞ্চলে হওয়ার কথা ছিল। যেকোনো কারণে সেটি স্থগিত করা হলেও বগুড়ায় আসার জন্য তার মন আনচান করছে। তিনি বগুড়ায় আসবেন এবং রংপুরে গিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এই নেতা বলেন, বগুড়াসহ সারা দেশে তারেক রহমানের বিজয়ের বিষয়ে তারা শতভাগ আশাবাদী। জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে এবং রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি।
বগুড়ার সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে মোনায়েম মুন্না আরো বলেন, বগুড়াকে আমরা সব সময়ই ভিন্নভাবে মূল্যায়ন করি এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এবারের সফরে আলোচনার মূল বিষয় হলো জাতীয় নির্বাচনে আমাদের কিভাবে কাজ করতে হবে।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় মতবিনিময়সভায় জেলা যুবদলের আওতাধীন সব ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের নির্বাচনী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এইসভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুন্না বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসার জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি খুব শিগগিরই বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে আসবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বদা নির্বাচনী আচরণ বিধির কথা মাথায় রেখে মাঠ পর্যায়ে কাজের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সকল নেতৃবৃন্দকে তারেক রহমানের আদর্শ ও তার প্রদানকৃত সকল নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেন।
সাংগঠনিক এই মতবিনিময় সভা আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে সাংগঠনিক এই মতবিনিময় সভা ঘিরে নেতৃবৃন্দরা নতুন করে উজ্জীবিত হয়েছে। তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই বগুড়ায় এসেছেন যুবদলের শীর্ষ নেতা মোনায়েম মুন্না।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় আবদুল মোনায়েম মুন্না মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান
জানুয়ারি ১৪, ২০২৬
































