আজহার ইমাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিবেদক :
সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু শিমলা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) বিকেলে হাকিমপুর শহরে বাবার বাড়িতে অবস্থানকালে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন খাদিজা। অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী গণমাধ্যমকে জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এ সময়ে খাদিজা তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
ঘটনার আগে সোমবার বিকাল ৫টা ৪৬ মিনিটে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দেন খাদিজা মল্লিক সীমু। সেখানে তিনি লিখেন, দীর্ঘ সাত বছর ধরে চলা মানসিক চাপ ও অবিচার আর সহ্য করতে পারছেন না এবং বিশ্রামের প্রয়োজন অনুভব করছেন।
স্ট্যাটাসে তিনি স্বামী শিবলী সাদিক, তার কথিত বান্ধবী ববি ইসলাম এবং আরও কয়েকজনকে নিজের এই চরম সিদ্ধান্তের জন্য দায়ী করেন। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে দীর্ঘদিন ধরে অবিচার হয়েছে এবং সেই পরিস্থিতিতে তিনি ভেঙে পড়েছেন।
এছাড়া, শিবলী সাদিকের বিরুদ্ধে আত্মকেন্দ্রিক আচরণ ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগও তোলেন খাদিজা। নিজের জীবনের প্রতি হতাশা প্রকাশ করে তিনি লেখেন, ভালোবাসা না পেলে তা ভিক্ষা করার মানুষ তিনি নন।
পরিবারের কাছে ক্ষমা চেয়ে তিনি উল্লেখ করেন, তার এই সিদ্ধান্ত ভুল হলেও ন্যায়বিচার পাওয়ার আশা হারিয়েই এমন পথ বেছে নিয়েছেন। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের কাছে তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে কণ্ঠশিল্পী সালমারকে বিয়ে হয় এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালে তিনি পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আমন্ত্রণ/এজি


































