দৈনিক আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের শয়ন কক্ষ থেকে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় তানজুম আরা বেগম (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামী রাজু ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ তানজুম আরা বেগম জেলার নবাবগঞ্জ উপজেলার বিন্নাগাড়ী গ্রামের আব্দুল বাকির মেয়ে। পাঁচ মাস আগে আমড়া গ্রামের রাজু ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। আটক রাজু ইসলাম আমড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আমড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার স্বামীকে আটক করা হয়। পরে এ ঘটনায় গতকাল রাতেই নিহত তানজুম আরা বেগমের বাবা আব্দুল বাকি বাদী হয়ে ফুলবাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনার দায়ে একটি মামলা দায়ের করেন।
আব্দুল বাকি জানান, পাঁচ মাস আগে তানজুম আরার সঙ্গে রাজু ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজু তার মেয়ে তানজুম আরাকে মারধরসহ শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন। গতকাল দুপুরে রাজু তার মেয়েকে অত্যাচার করলে তিনি মৃত্যুর পথ বেছে নেন।
অপরদিকে, রাজুর পরিবারের সদস্যরা জানায়, মোবাইলে কথা বলা নিয়ে রাজুর সঙ্গে তানজুম আরার ঝগড়া হয়। এর জের ধরে তানজুম আরা তার শয়নকক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা সূত্রে তার স্বামী রাজুকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
ফুলবাড়ীতে শয়ন কক্ষে ঝুলছিল গৃহবধূর লাশ
মে ৩, ২০২৪


































