রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রতিকেজিতে ৪০ টাকা। আবারো কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে ফুলবাড়ী পৌর সবজি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকায়। অথচ একই কাঁচা মরিচ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। এখন কেজিতে ৪০ টাকা বড়তিতে বিক্রি হচ্ছে। একইভাবে ৯৫ টাকা কেজির পেঁয়াজ ৫ টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
বাজার করতে আসা আনোয়ার হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারি আনোয়ার হোসেন বলেন, গত কয়দিন থেকে কাঁচা মরিচ ১২০ টাকা কেজিতে পাওয়া গেলেও আজ হঠাৎ করে ৪০ টাকা বেড়ে ১৬০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। একইভাবে ৯৫ টাকা কেজি দরের পেঁয়াজ ৫ টাকা বাড়তিতে কিনতে হয়েছে ১০০ টাকা কেজি দরে। দাম বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনের তুলনায় কম করে কাঁচা মরিচ ও পেঁয়াজ কিনতে হয়েছে।
পৌর বাজারের খুচরা সবজি ব্যবসায়ি হারুন উর রশীদ বলেন, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত কাঁচা মরিচ ১২০ টাকা আর পেঁয়াজ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং পেঁয়াজ ১০০ টাকা দরে।
পাইকারি সবজি ব্যবসায়ি মিহির কুমার বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচ ও পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম একটু বেড়েছে। তবে আমদানি স্বাভাবিক হলে দাম করে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। কেউ অকারণে কোনো পণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা
সেপ্টেম্বর ১৪, ২০২৪


































