আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাইহাট নামক স্থানে আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে হানিফ ইন্টারপ্রাইজের ঢাকাগামী কোচের চাপায় দেলোয়ার হোসেন (৪৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন পার্বতীপুর উপজেলার মন্ডলপাড়ার মৃত তানিম উদ্দিনের ছেলে এবং বেসরকারি সংস্থা আশা এর ফুলবাড়ী উপজেলার বারাইহাট শাখার সিনিয়র লোক কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দেলোয়ার হোসেন ফুলবাড়ী থেকে তার মোটরসাইকেল যোগে কর্মস্থল বারাইহাট যাওয়ার পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ ইন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮-০৪) যাত্রীবাহী কোচ চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিলে কোচের চালক নিকটস্থ পেট্রোল পাম্পে কোচ নিয়ে সেখানে রেখে দিয়ে হেলপারসহ পালিয়ে যান। এ সময় মুমুর্ষূ অবস্থায় দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, কোচটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি


































