বগুড়া ব্যুরো :
বগুড়ার আদালতের কড়া নিরাপত্তাবেস্টনি ফাঁকি দিয়ে পালিয়ে গেছে জোড়া হত্যা মামলার অন্যতম আসামী রফিকুল ইসলাম (৪০)।আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে তিনি পালিয়ে যান। রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। এ ঘটনার পর থেকে আদালতপাড়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উত্তেজনা।
বগুড়ার পুলিশের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোসাদ্দেক হোসেন সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষ্মীমন্ডপ এলাকায় গত ৯ জুলাই শ্বশুর ও পূত্রবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম।
আদালত পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজিরা দেবার জন্য সকাল ১০টায় জেলা কারাগার থেকে আদালতের হাজত থানায় আনা হয়। তবে আদালতের কাজ শেষে হাজতখানা থেকে কারাগারে ফেরত পাঠানোর সময় আদালতের গেটে হাজত থানার সামনে থেকে কৌশলে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে।
ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং শুরু হয় চিরুনি অভিযান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে এরই মধ্যে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। পাশাপাশি, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হতে পারে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় জোড়া হত্যা মামলার আসামি আদালত চত্বর থেকে পালিয়েছে
সেপ্টেম্বর ২২, ২০২৫
































