রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১০০ টাকা। একই সময়ে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩৫ টাকা এবং রসুনের ২০ টাকা। নিত্যপণ্য কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুনের দাম কমে আসায় ক্রেতা সাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকায়। অথচ একই কাঁচা মরিচ গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২২০ টাকা কেজি দরে। এখন কেজিতে ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে। একইভাবে ১৩০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি দরে এবং ২২০ টাকার রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
বাজার করতে আসা হোটেল ব্যবসায়ি দুলাল চন্দ্র সাহা ও আনোয়ার হোসেন বলেন, কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুনের দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনের তুলনায় কম নিয়ে কোনো মতে ব্যবসা চালাতে হয়েছে। এখন দাম কমে আসায় চাহিদানুযায়ী এসব পণ্য নিয়ে হোটেলের তরিতরকারিতে দেওয়া সম্ভব হবে।
খুচরা সবজি ব্যবসায়ি হারুন উর রশীদ বলেন, পাইকারি বাজারে পর্যাপ্ত পরিমাণে কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুনের আমদানি হওয়ায় দাম কমে এসেছে।
পাইকারি সবজি ব্যবসায়ি আজয় দত্ত বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত এবং অন্য এলাকার থেকে আমদানিকৃত কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুনের আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমে এসেছে। তবে আমদানি এ অবস্থায় থাকলে দাম আরো কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, নিত্যপণ্যের বাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে যাতে কেউ অযাচিতভাবে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১০০ টাকা
সেপ্টেম্বর ১০, ২০২৪
































