বেরোবি সংবাদদাতা :
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ থাকার পর সপরিবারে অবরুদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসিবুর রশীদকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে র্যাব ও পুলিশ সদস্যরা পরিবারের অন্য সদস্যের সঙ্গে তাঁকে উদ্ধার করেছে। এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরো ছয়জন শিক্ষক ছিলেন।রাত ১০টার দিকে র্যাব-১৩ এর পক্ষ থেকে ভিসিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সূত্রে জানা যায়, চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ভিসির বাসভবনে সন্ধ্যায় আগুন ও ব্যাপক ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ভিসির বাসভবনে পাহারারত পুলিশের গাড়িতে আগুন লাগায় ছাত্ররা। এসময় ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি ড. হাসিবুর রশীদসহ তার পরিবার ও আরও ৬ শিক্ষক।
বিষয়টি প্রশাসন জানার পর র্যাব-১৩ এর একটি দল বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে বাসভবনে প্রবেশ করে দ্রুত র্যাবের গাড়িতে তুলে নেন। ভিসি ও তার পরিবার এবং শিক্ষকরা রংপুর সার্কিট হাউজে নিরাপদে অবস্থান করছেন।
আমন্ত্রণ/এজি


































