মো. আসতারুল আলম, দিনাজপুর :
টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে দিনাজপুরে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন ) দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় ৫৫ জন মডেল সবজি চাষি অংশগ্রহণ করেন। কর্মশালায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মোফাখাইরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক বা বায়োপেস্টিসাইডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ফসলের ক্ষতি কমে, মাটির উর্বরতা বজায় থাকে এবং মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার হ্রাস পায়।
কর্মশালায় ব্র্যাক সিডের উদ্যোগে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক প্রযুক্তির পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন সবজি বীজ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সময়োপযোগী হাইব্রিড ধান, আলু, উফশী ধান ও ভুট্টার আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং উন্নত কৃষি কলাকৌশল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারী সকল মডেল কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে জৈব বালাইনাশক ব্যবহারে কৃষক কর্মশালা অনুষ্ঠিত
জুন ১১, ২০২৬


































