আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে রোববার (১৪ জুন) ভোরে চোর সন্দেহে গণপিটুনিতে হীরা মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত হীরা মিয়া উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। পেশায় একজন কৃষিশ্রমিক এবং দুই সন্তানের জনক।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টার দিকে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর ঘরের জানালা ভাঙার শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পান। পরে তাকে আটক করে আশপাশের লোকজনকে খবর দিলে গ্রামবাসী ঘটনাস্থলে এসে তাকে মারধর করেন। গণপিটুনিতে গুরুতর আহত হীরা মিয়া একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে বাড়ির মালিক অনিল টুডুসহ গ্রামের অনেক পুরুষ বাসিন্দা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এ কারণে পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমন্ত্রণ/এজি
নবাবগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
জুন ১৫, ২০২৬

































