আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুর সদর উপজেলায় পরকীয়ার জেরে এক শিশু নিখোঁজ হওয়ার অভিযোগে মা ও তার প্রেমিকের শাস্তির দাবি জানিয়ে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও আসবাবপত্র মহাসড়কে নিয়ে এসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী বাজারে এ ঘটনা ঘটে।
বিকেল ৪টায় স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি থানা পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের অভিযোগ—শিশু রাকিবা আক্তার রূহিকে (৪) অপহরণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও তারা প্রত্যাশিত প্রতিকার পায়নি।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘কয়েক দিন আগে জিন্নাতুন কোতোয়ালি থানায় অভিযোগ করেছিলেন। আমরা অভিযোগটি হাতে পেয়েই তদন্ত শুরু করেছি। পাশাপাশি আসামি রিপনকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালিয়েছি। শনিবার রাতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য জিন্নাতুনকে থানায় আসতে বলেছি। কিন্তু তার পর থেকে তিনি থানায় আসেননি। তিনি আসামি রিপনের সঙ্গে পালিয়ে গেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।’
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে শিশু নিখোঁজ ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ
সেপ্টেম্বর ২১, ২০২৬






























