আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বগুড়ার ধুনট পৌরসভার জিঞ্জিরতলা গ্রামে আরসিসি (RCC) ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপসহকারী প্রকৌশলী সাজেদী হক, আরিফুর রহমান, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু এবং ঠিকাদার জাহাঙ্গীর আলম।
পৌরসভা সূত্রে জানা গেছে, নির্মাণাধীন রাস্তার দৈর্ঘ্য ১১০ মিটার এবং প্রস্থ ২ দশমিক ১৫ মিটার। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় সাধারণ মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হতো। নতুন করে পাকা রাস্তা নির্মাণের ফলে যাতায়াত সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই রাস্তা নির্মাণও সেই কার্যক্রমেরই একটি অংশ।
আমন্ত্রণ/এজি
ধুনট পৌর এলাকায় ৫ লাখ টাকায় আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
জুন ৩০, ২০২৬
































