আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গ্রাম পুলিশ সদস্যকে শোকজ করেছে কর্তৃপক্ষ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে দুটি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। অন্যান্য দিনের মতো মঙ্গলবার পরিষদের কার্যক্রম শেষে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে তালা দিয়ে চলে যান। পরিষদের নিয়ম অনুযায়ী ওই রাতে কার্যালয় পাহারার দায়িত্বে ছিলেন গ্রাম পুলিশ সদস্য রতন কুমার ও নিরাঞ্জন কুমার। কিন্ত অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনের সময় তারা কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় প্রশাসনিক কর্মকর্তার কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ সময় কক্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়েছে বলেও জানা গেছে।
ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার কারণে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই গ্রাম পুলিশ সদস্যকে শোকজ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এজি
ধুনট ইউনিয়ন পরিষদে তালা ভেঙে ২ ল্যাপটপ চুরি, দায়িত্বে অবহেলায় ২ গ্রাম পুলিশকে শোকজ
মার্চ ১১, ২০২৬


































