আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার কাদাই গ্রামের নাজেম উদ্দিন ওরফে নাসের আকন্দের ছেলে কালেরপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (৬৫) এবং ধুনট পৌরসভার পশ্চিম ভারণশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর ওই হোটেলের মালিক এমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করার সময় যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাইফুল ইসলাম ও জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
আমন্ত্রণ/এসিজি


































