আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে খোদা বাবলুকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী এলাকায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা চলছিল। এ সময় ফজলে খোদা বাবলুসহ এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা সংঘবদ্ধ হয়ে লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে কার্যালয়ে হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় পরে বিএনপির পক্ষ থেকে ধুনট থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলাটিতে ফজলে খোদা বাবলুকে আসামি করা হয়েছে।
পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ সব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
আগস্ট ২৫, ২০২৬
































