আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাবেক এমপির গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার ইশ্বরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে ধুনট থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃত হারেজ উদ্দিন (৫০) উপজেলার ইশ্বরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধুনট শহরের কলাপট্টি এলাকায় গণসংযোগে যান। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে ককটেল নিক্ষেপ করে, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় দীর্ঘদিন পর ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়। হারেজ উদ্দিনকে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
আমন্ত্রণ/এসিজি
ধুনটে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
মে ১৯, ২০২৫
































