আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ভয়ংকর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে প্রায় ৫০টি পরিবার। নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও রাতের পর রাত হুমকি-ধামকিতে অতিষ্ঠ হয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোসাইবাড়ি কলেজপাড়া এলাকায় প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, শামসুল আলম, ইজ্জত আলী, শাপলা খাতুন, নাছিমা বেগম, ফুলেরা খাতুন ও আবেদা খাতুন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কলেজপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। গত ১১ সেপ্টেম্বর কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সশস্ত্র হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে আহত করে তারা। হামলার পরও থেমে থাকেনি— উল্টো এ ঘটনার জের ধরে ভুক্তভোগীদের বিরুদ্ধেই ১৫ জনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছে গ্যাং সদস্যরা।
বক্তারা আরও বলেন, প্রতিদিন রাতে তারা বিভিন্ন পরিবারের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে এবং নানা ধরনের হুমকি দিচ্ছে। থানায় অভিযোগ করেও কোনো বিচার পাওয়া যাচ্ছে না।
তারা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন,“আমরা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কে ৫০ পরিবার, ভুক্তভোগীদের মানববন্ধন
সেপ্টেম্বর ১৩, ২০২৫


































