আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ওয়ালটন প্লাজা থেকে কেনাকাটা করা এক ক্রেতার মৃত্যুর পর তার পরিবারের হাতে কিস্তি সুরক্ষা সহায়তা বাবদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনটের বাসিন্দা বেলাল হোসেন মণ্ডল সম্প্রতি ওয়ালটন প্লাজা থেকে ৯ হাজার ১৪ টাকায় কিস্তিতে একটি ব্লেন্ডার ও একটি প্রেসার কুকার ক্রয় করেন। তবে কেনার এক সপ্তাহের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সুবিধার আওতায় তার স্ত্রী ফুলেরা খাতুনকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টায় ধুনট ফায়ার সার্ভিস এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ধুনট শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম তালুকদার, ডেপুটি ব্যবস্থাপক নাজমুল হোসাইন, ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হামিদুল ইসলাম, ধুনট থানার এসআই হারুনুর রশিদ হারুন, মাওলানা মেসবাহ উদ্দিন ও হাফেজ বদিউজ্জামান।
ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি সবসময় গ্রাহকদের স্বার্থকে গুরুত্ব দেয় এবং কিস্তিতে কেনাকাটা করা ক্রেতাদের সুরক্ষা সুবিধা দিয়ে আসছে। মৃত বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ওয়ালটন প্লাজার সুরক্ষা সহায়তা: মৃত ক্রেতার পরিবার পেল ৫০ হাজার টাকা
মার্চ ১৮, ২০২৫
































