আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক এতিম যুবতীকে (১৯) গাছের সঙ্গে বেঁধে রেখে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে চাঁন মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাকে বিবস্ত্র করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনাটি উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী বিলপাড়া গ্রামে ঘটেছে। অভিযুক্ত চাঁন মিয়া ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবতির বাবা অনেক আগেই মারা গেছেন। পরে তার মা অন্যত্র বিয়ে করে সংসার গড়েন। এরপর থেকে হতদরিদ্র এতিম মেয়েটি অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে বসবাস করে আসছিলেন।
কয়েক দিন আগে একটি মেয়েলি বিষয়কে কেন্দ্র করে খাদুলী বিলপাড়া গ্রামের চাঁন মিয়ার সঙ্গে ওই যুবতির বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে চাঁন মিয়া ও তার সহযোগীরা যুবতিকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রতিবেশীর বাড়ির ভেতরে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে রাখে।
অভিযোগে আরও বলা হয়, এরপর তাকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন। পরে অভিযুক্তরা তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় যুবতিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে গত ১৬ এপ্রিল তিনি বাড়ি ফিরে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চাঁন মিয়াসহ চারজনকে আসামি করা হয়েছে।
থানায় অভিযোগ দায়েরের পর থেকে চাঁন মিয়া ও তার সহযোগীরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে ভুক্তভোগীর শারীরিক অবস্থা ভালো আছে।
আমন্ত্রণ/এজি


































