আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে। ঈদের তিন দিন আগে থেকেই কোনো ধরনের ঘোষণা ছাড়াই ধুনট উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন চালকরা। এতে করে যাত্রীদের সাথে চালকদের বাকবিতণ্ডা এবং কখনো কখনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ধুনট থেকে বগুড়া, শেরপুর, সোনামুখী, ঢেকুরিয়া, গোসাইবাড়ি, জোড়শিমুল, সোনাহাটা ও মথুরাপুর সড়কে প্রতিদিন প্রায় ৫ শতাধিক সিএনজি চলাচল করে। এই সড়কগুলো দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন। তবে স্ট্যান্ডে নির্ধারিত কোনো ভাড়া তালিকা না থাকায় চালকরা দীর্ঘদিন ধরেই ইচ্ছেমতো ভাড়া আদায় করে আসছেন।
সাধারণ সময়ে ধুনট থেকে বগুড়া ৮০ টাকা, শেরপুর ৪০ টাকা, সোনাহাটা ২৫ টাকা, সোনামুখী ১৫ টাকা এবং মথুরাপুর, গোসাইবাড়ি ও ঢেকুরিয়া রুটে ৩০ টাকা করে ভাড়া নেওয়া হতো। কিন্তু ঈদের আগে এসব রুটে ১০-২০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এই বাড়তি ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে। অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে চালকদের হাতে লাঞ্ছিতও হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, অধিকাংশ চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তারা অদক্ষভাবে ও বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছেন।
অটোরিকশা চালকদের দাবি, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে ৫-১০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে, তবে কারো সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে না। অন্যদিকে কিছু মালিক ও স্ট্যান্ডের চেইন মাষ্টার বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “ঈদ বকসিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। চালকদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ বাড়তি ভাড়া আদায় করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ঈদ বকসিসের নামে সিএনজি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
এপ্রিল ৭, ২০২৫


































