আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় অসুস্থ বৃদ্ধ স্বামীর ঘর থেকে যুবতী স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের ঘরে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহ জামাল (৪০) নামে এক প্রবাসফেরত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শাহ জামাল এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চালাপাড়া গ্রামের এক হতদরিদ্র পরিবারের যুবতীর বিয়ে হয় একই এলাকার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের এক অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম বৃদ্ধের সঙ্গে। এই সুযোগে প্রতিবেশী শাহ জামাল তাকে বিভিন্নভাবে প্রলোভন ও হুমকি দিতে থাকে।
গত ২ জুন দুপুরে ওই নারী ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এসময় শাহ জামাল তাকে একা পেয়ে ধর্ষণ করে এবং ঘটনা গোপন রাখার জন্য ভয়ভীতি দেখায়। এরপর ১৫ জুন বিকেলে অসুস্থ স্বামী ঘরে ঘুমিয়ে থাকার সুযোগে শাহ জামাল ওই ঘর থেকে নারীকে জোরপূর্বক পাশের ঘরে নিয়ে আবারও ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে শাহ জামাল দ্রুত সটকে পড়ে।
পরবর্তীতে ভুক্তভোগী নারী ২৭ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে অসুস্থ স্বামীর ঘর থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, প্রবাসফেরত যুবকের বিরুদ্ধে মামলা
সেপ্টেম্বর ৯, ২০২৫


































