আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বাড়িতে আগুন লেগে গবাদিপশুর মৃত্যু হয়েছে। এ সময় আগুন নিয়ন্ত্রনের চেষ্টাকালে গৃহকর্তা দগ্ধ হয়েছেন। অগ্নিকান্ডে একই পারিবারের বাবা ও ছেলের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের পূর্বপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের পূর্বপাড়ার আবু হানিফ স্থানীয় জিএমসি ডিগ্রী কলেজের অফিস সহায়ক ও তার ছেলে ফরিদুল ইসলাম উচ্চ শিক্ষিত বেকার যুবক। বাবা ও ছেলে বাড়িতে গবাদিপশু পালন করেন। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার রাতে পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে য়ায়। এ সময় ৪টি ছাগল, ২০টি হাঁস, ৩০টি মুরগি মারা গেছে এবং ২টি গরু ও ২টি ছাগল দগ্ধ হয়েছে। এছাড়া আগুন নিয়ন্ত্রনের চেষ্টাকালে গৃহকর্তা আবু হানিফ দগ্ধ হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ফরিদুল ইসলাম বলেন, বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে গোয়ালঘরে আগুন লেগেছে তা সঠিক করে বলতে পারছি না।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হয়েছে। এ কারণে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা সম্ভব হচ্ছে না।
আমন্ত্রণ/এসিজি


































