আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় গাছের গুড়ির নিচে চাপা পড়ে আব্দুর রহিম (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম কালের পাড়া ইউনিয়নের হেউডনগর গ্রামের মেজাত প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলচাপড়ী গ্রামের একটি বাগান থেকে কাটা গাছের গুড়ি অটোভ্যানে তোলার কাজ করছিলেন আব্দুর রহিম ও তার সহকর্মীরা। এ সময় অসাবধানতাবশত একটি ভারী গাছের গুড়ি তার উপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































