বগুড়া ব্যুরো ও দুপচাঁচিয়া প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রী হাবিবা বেগম (২৫) কে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই সাবেক স্বামীস্বামী মাইফুল ইসলাম (২৮)। নিহত হাবিবা দুপচাচিয়া পৌর এলাকার ধাপ সুখানগাড়ি মহল্লার বাবলু মিয়ার পালিত মেয়ে। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) দিবাগত রাতে ধাপ সুখানগাড়ি এলাকায় হাবিবার ভাড়া করা বাসায় এ ঘটনা ঘটে। হত্যার এই ঘটনায় নিহতের পালক বাবা বাবলু মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার (২৩ ফেব্রæয়ারি) থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়চি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া পৌরসভার ধাপ সুখানগাড়ি মহল্লার বাবলু মিয়ার পালিত মেয়ে হাবিবা বেগমের সঙ্গে প্রায় ৮ বছর আগে একই মহল্লার মৃত মোজাম হোসেনের ছেলে মাইফুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু বিয়ের বেশ কিছু দিন পর থেকে মাইফুল মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই জের ধরে প্রায় ৬ মাস আগে হাবিবা বেগম স্বামী মাইফুলকে তালাক দিয়ে বাবার বাড়ির পাশেই ভাড়া বাসাই থাকতো।
ঘটনার দিন বৃহস্পতিবার রাতে হাবিবার ভাড়া বাসায় তার তালাকপ্রাপ্ত স্বামী মাইফুল কৌশলে প্রবেশ করে হাবিবাকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। এ সময় হাবিবার চিৎকারে তার বাব-মা পাশের বাড়ি থেকে দৌড়ে ঘটনাস্থলে এসে দেখেন তার মেয়ে মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তারা ঘরে প্রবেশের সময় মাইফুল পালিয়ে যায়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে (শজিমেক) প্রেরণ করা হয়েছে। এ ঘটনার জড়িত আসামীকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
দুপচাঁচিয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যা স্বামীর বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারি ২৯, ২০২৪































