মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
চিরিরবন্দরে বিয়ের দাবিতে টানা ৫ দিন প্রেমিকের বাড়িতে অনশনের পর সফল হলেন কলেজ ছাত্রী প্রেমিকা। অবশেষে ৩ লাখ ২৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়েছে প্রেমিক প্রেমিকার। পেয়েছেন স্ত্রীর স্বীকৃতি। ঘটনাটি এলাকায় ব্যাপক হাস্যরস ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বাজে দিঘারন গ্রামের নাইট মোক্তব পাড়ার সুজাবদ্দিনের ছেলে প্রেমিক রেজাউল ইসলাম সবুজের বাড়িতে বিয়ের দাবিতে টানা ৫ দিন অনশন করেন পার্বতীপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে মোছা. রেহেনা আক্তার কল্পনা। সে মন্মথপুর আইডিয়াল কলেজের ২০২৩-২৪ সেশনের এইচএসসি পরীক্ষার্থীনি। গত সোমবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
কল্পনার দাবি দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি সেই বাড়ি ছেড়ে যাবেন না। অপরদিকে প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা চালালে ৫ দিন পর প্রেমিক সবুজ বিয়েতে রাজী হলে গত শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১ টায় উভয় পরিবারের মতামতের ভিত্তিতে ৩ লক্ষ ২৫ হাজার টাকা দেনমোহরানায় উভয়ের বিয়ে দেয়া হয় এবং প্রেমিকাকে স্ত্রীর স্বীকৃতি দেয়া হয়।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে ৫ দিন অনশনের পর সফল হলেন প্রেমিকা
জুন ২১, ২০২৫


































