মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর):
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের জানালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। এ চুরির ঘটনাটি গত ২ জুলাই বুধবার দিবাগত রাতে উপজেলার পুনট্টি ইউনিয়নের ১৩৩ নং বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।
জানা গেছে, গত বুধবার বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীসহ শিক্ষকরা নিজ নিজ বাড়িতে চলে যান। ওইদিন দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ লাইন বিচ্ছিন্ন করে জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ওয়াই-ফাই, সিসি ক্যামেরা সেট, একটি ইউপিএস, একটি ক্যামেরা, ক্যাবলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এসময় চোরেরা বিদ্যালয়ের অফিস রুমে তছনছ চালিয়ে বিভিন্ন আসবাবপত্র বিক্ষিপ্তভবে ছড়িয়ে-ছিটিয়ে রেখে মুল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ চুরির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম আহসান হাবীব জানান, এখন শুক্রবার পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় তদন্ত করা হবে।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে বিদ্যালয়ের জানালা ভেঙ্গে চুরি
জুলাই ৪, ২০২৫


































