দৈনিক আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
ঈদের ব্যস্ততার ক্লান্তি কেটেছে ঈদের দীর্ঘ অবসর যাপনে। আবার মুখরিত হয়ে উঠছে শোবিজ। লাইট-ক্যামেরা আর অ্যাকশনের হাঁকডাক আবারও শুরু বিভিন্ন লোকেশনে। আসছে কোরবানি ঈদের জন্য চলছে প্রস্তুতি। যার অংশ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মগুলোও বেশ সরব। গেল বছরে তুমুল প্রশংসা পাওয়া ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে কোরবানি ঈদের জন্য নির্মিত হচ্ছে স্পিন অব সিরিজ। ‘গোলাম মামুন’ শিরোনামে এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। সিরিজটির গোলাম মামুন চরিত্রে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব।
এবার জানা গেল, সিরিজটিতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা সাবিলা নূর। পহেলা বৈশাখ উপলক্ষে চলতি বছরের আসন্ন সিরিজগুলোর একঝলক শেয়ার করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই কর্তৃপক্ষ। সেখানে ‘গোলাম মামুন’-এর ফার্স্ট লুকে অপূর্বের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকেও। তবে বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত কথা বলতে নারাজ টিম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানায়, সিরিজটিতে নিজের আততায়ীকে খুনের দায়ে আটক হয় মামুন, সঙ্গে বন্ধু দম্পতির খুনেও জড়িয়ে যায় তার নাম। আইনরক্ষক মামুনকে আইন ভেঙে পুলিশের হাত থেকে পালাতে হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে। কিন্তু বাইরেও অপেক্ষা করছে আরও বড় বিপদ।
এর আগে শিহাব শাহীন জানিয়েছিলেন, সিরিজটিতে ক্রাইম থ্রিলার, সঙ্গে ড্রামার মিশেল রয়েছে। গোলাম মামুনের যে চরিত্র সেটাকে ঘিরেই পুরো গল্প। তার জীবনে কী কী ঘটেছে, তাই দেখানো হবে এতে।
এ প্রসঙ্গে সাবিলা নূরও একটু রক্ষণশীল ভূমিকায় রয়েছেন। তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে বলার মতো কোনো সুযোগ আমার কাছে নেই। তাই একটু অপেক্ষা করতে চাই। দেখা যাক কী হয়। তবে সম্প্রতি বেশ কিছু চমক জাগানিয়া কাজে যুক্ত হবো।’ আসছে ঈদুল আজহায় ‘গোলাম মামুন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চমক নিয়ে ফিরছেন সাবিলা নূর
এপ্রিল ১৬, ২০২৪


































