গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের টহল গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালানোর সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) মধ্য রাতে ঘোড়াঘাট উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় হিলি-ঘোড়াঘাট সড়কের নির্মানাধীন ব্রীজের পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আটককৃতদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক(৪৯), একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার সৈয়দ আলী বাচ্চু ছেলে আজিজার রহমান (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি দল সরকারি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন।একই সময় ডাকাতের একটি দল উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় নির্মানাধীন ব্রীজের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের গাড়িটি ওই এলাকায় আসলে সাধারণ পাবলিকের গাড়ি মনে করে গতিরোধ করে ১০-১২ জনের একটি ডাকাত দল। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্ঠা করে। পরে তাদের মধ্যে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। আটক দুই ডাকাতের স্বীকারোক্তিতে এঘটনায় জড়িত পলাতক আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ইমদাদুলের নামে বিভিন্ন থানায় ১২ টি এবং আজিজারের নামে দুই ডাকাতির মামলা আদালতে চলমান আছে।
আমন্ত্রণ/এসিজি
ঘোড়াঘাটে যাত্রীবাহী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা আটক ২
এপ্রিল ২৮, ২০২৫


































