আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন অতিষ্ঠ ও বিপর্যস্ত। প্রচন্ড গরমে মানুষ ওষ্ঠাগত। এমন অবস্থায় কর্মজীবী মানুষগুলো যখন সংসারের চাহিদা মেটাতে ঘরের বাহিরে যেতেই হচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে রোববার (২৭ এপ্রিল) পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়, নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ও পাঁচমাথা মোড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, পথচারী, রিকশা-ভ্যানের চালক-যাত্রী ও জনসাধারণের হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে সুপেয় পানি ও শরবত পান করানো হয়।
একই সাথে তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।জয়পুরহাট জেলা রেডক্রিসেন্ট যুব প্রধান মো. আরাফাত হোসেনের নির্দেশনায় পাঁচবিবি ইউনিটের যুব প্রধান মোঃ আজমির শরীফ ফুয়াদের নেতৃত্বে এসময় ভলেন্টিয়ার হিসাবে উপস্থিত ছিলেন মহিপুর সরকারি কলেজ ইউনিট যুব প্রধান মো. ইমতিয়াজ আহমেদ, মো. সামিউল ইসলাম, মুরাদ হোসেন মুগ্ধ, মো. তারেক রহমান, সাকিবা আক্তার দীপা, কানিজ ফাতেমা, রুবাইয়া জান্নাত রানি, আবু সাঈদ, নূর হোসেন, জয়া রানী, বৈশাখী, আরাফাত হোসেন, মাহী হাসান ও মোসাদ্দিক মাহী সহ অনেকেই।
আজমির শরীফ বলেন, আমরা সংগঠনের সকল সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের সকল বিত্তবান মানুষদের এমন জনহিতকর কাজে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
আমন্ত্রণ/এসিজি


































