গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্রয়কৃত নিজস্ব জমিতে হালচাষ দিতে গেলে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চকপাড়া গ্রামের রুহিয়া বেগমের ক্রয়কৃত বাড়ির পাশে ১৪ শতক জমিতে গতকাল শনিবার বিকেলে তার ছেলে আতাউর রহমান জুয়েল হালচাষ করতে যায়। এ সময় প্রতিপক্ষ একই গ্রামের ছবেদ আলী শেখ, মাহাফুজ শেখ ও উজ্জল শেখ ওই জমির মালিকানা দাবী করে জুয়েলকে হালচাষে বাঁধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে জুয়েলের মা ও স্ত্রী ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশি লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ঘটনায় আতাউর রহমান জুয়েল বাদী হয়ে ছবেদ আলী শেখসহ ৩ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে মামলার এজাহার নামীয় আসামী উজ্জল শেখ (২৫) ও মাহাফুজ শেখকে (৩৮) গ্রেপ্তার করে।
আহত রুহিয়া বেগম জানান, আমার ক্রয়কৃত নিজস্ব জমিতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আমাকেসহ আমার ছেলে ও ছেলের বউকে মারপিট করে মারাত্মক আহত করে। তিনি অভিযুক্তদের উপযুক্ত বিচারের দাবী জানান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত উজ্জ্বল ও মাহফুজকে গ্রেফতার করা হয়েছে এবং আজ রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে নিজ জমিতে হালচাষ দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত
অক্টোবর ২০, ২০২৫


































