গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক মসজিদের ইমাম মারা গেছেন। মৃত ফরিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ বিভাগের মহিমাগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও তিনি গত ২০১০ সাল থেকে মহিমাগঞ্জ বন্দরে অবস্থিত ঘোষপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের প্রধান মৌলভী শিক্ষক ছিলেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (আখপাড়া) গ্রামে অনুষ্ঠিত একটি ধর্মীয় ওয়াজ মাহফিলে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ফরিদুল ইসলাম বক্তব্য রাখছিলেন। বক্তব্য রাখাকালে তিনি হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করে মঞ্চেই টলে পড়েন।
এ সময় উপস্থিত লোকজন তাকে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাকে রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।
মৃত ফরিদুল ইসলাম গাইবান্ধা জেলার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। আজ সোমবার বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় মঞ্চে স্ট্রোক করে ইমামের মৃত্যু
ডিসেম্বর ৯, ২০২৫


































