গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ রবিউল ইসলাম পলাশ (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপদ করা হয়েছে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম পলাশ পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া এলাকার খোকন মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকালে পৌর শহরের চারমাথা এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালায়। এসময় রংপুর থেকে রাজশাহীগামী সিফাত স্পেশাল পরিবহনের (রংপুর মেট্রো-ব ১১-০০০৩) বাসে তল্লাশি চালিয়ে জে-৪ সিটে বসে থাকা যাত্রী রবিউল ইসলাম পলাশের শরীরে ফিটিং অবস্থায় ২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ তাকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
জানুয়ারি ১৮, ২০২৬


































