গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলস্টেশন থেকে সুগার মিল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলাতে থাকলেও সংস্কারের কোন উদ্যোগ না থাকায় স্থায়ী দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটি।
স্থানীয়রা জানান ভৌগলিক অবস্থানের কারণে গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র গুরুত্বপূর্ণ রেলস্টেশন হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনের পরিচিতি স্থাপনকাল থেকেই। কালের আবর্তে নানা সমস্যা সৃষ্টি হওয়ায় এর ঐতিহ্যে অনেকটা ভাটা পরেছে। তার পরেও প্রতিদিন আন্ত:নগর ট্রেন সহ বিভিন্ন রেলের যাত্রী সাধারণ এই স্টেশনটি ব্যবহার করে উপজেলার বিভিন্ন স্থানে চলাচল করেন। কিন্তু মহিমাগঞ্জ রেলষ্টেশনে রেল থেকে নেমেই স্টেশনের সামনে থেকে সুগারমিল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে সারা বছর পানি জমে থাকায় চলাচলের সময় নানা ধরণের দুর্ভোগ শিকার হয় যাত্রী সাধারণ। সড়কটি সংস্কারের জন্য বার বার তাগিদ দিলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। প্রয়োজনের তাগিদে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ রেল স্টেশন সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া আসা করে। এছাড়াও সড়কটি পাশর্^বর্তী সাঘাটার উপজেলা সদর বোনারপাড়া এবং সাঘাটা থানা ও হাসাপাতালের রোগিও সহ ওই এলাকার সাধারণ মানুষ সড়কটি ব্যবহার করে জরুরী প্রয়োজনে গোবিন্দগঞ্জ হয়ে ঢাকা সহ বিভিন্ন চলাচল করেন।
এলাকাবাসীর অনেকেই অভিযোগ করে জানান সড়কের তুলনায় বাসাবাড়ী, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উঁচু হওয়ায় এবং বাড়ী ঘরের পানি নিস্কাষনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এসব বাড়ীর ব্যবহৃত পানি সড়কে চলে আসায় সারা বছর বিভিন্ন পয়েন্টে পানি জমে থাককে আবার অনেক জায়গায় পানি জমে থেকে সড়ক নষ্ট হয়ে খানা খন্দকে পরিণত হয়েছে। তারওপর বৃষ্টি হলে পানি জমে এই স্থানগুলির কোথাও কোথাও হাঁটুপানিতে ডুবে থাকায় চলাচল বেশ ঝুঁকি পূর্ণ হয়ে পরে। বিক্সাভ্যানে চলাচলের সময় পানি জমে থাকায় ছিটিয়ে যাওয়া পানিতে যানবাহনের যাত্রীরা ও পথচারীদের কাপড় ময়লাপানিতে নষ্ট হয়। আর কোন কারণে উল্টে গেলে নোংরা পানিতে ডুবে উঠতে হয়। সিনিয়র গণমাধ্যমকর্মী মানিক সাহা বলেন এই সড়কে শুধু মাত্র যাত্রীরা নয় অনেক শিশু শিক্ষার্থী বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠনে পড়াশুনার জন্য যাতায়াত করে।তাই যে কোন সময় বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে এজন্য সবদিক বিবেচনা করে সড়কটির পানি নিষ্কাষণ সহ সংস্কারের সকল ধরণের উদ্যোগ গ্রহণ করে সড়কটি চলাচল উপযোগি করা জরুরি।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক কাজলের মোবাইল ফোনে ও হটসঅ্যাপে কল দিয়েও তিনি কল রিসিভ না করায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া যায়নি।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলষ্টেশন থেকে সুগার মিল পর্যন্ত সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শিকার পথচারিরা
জুলাই ২৯, ২০২৫
































