বগুড়া ব্যুরো:
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ। আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থাকে। রাষ্ট্রের কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, সাংবাদিকদের জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা কোনো দয়া বা অনুদান নয়, বরং গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা। রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে বলেও জানান তিনি।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাব পূর্ণাঙ্গভাবে নির্মাণের দায়িত্বও তিনি মন্ত্রী হিসেবে নেবেন বলে জানান।
মন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের কাজ চলছে এবং কৃষকদের কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে।”
তিনি আরও বলেন, সংসদ সদস্যরা কেউ গাড়ি বা প্লট নেবেন না। সরকারের যাত্রার শুরুতেই নেওয়া উদ্যোগগুলোতে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এই বগুড়ায়। আমাদের মাতৃতুল্য নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকায় বহুবার জনপ্রতিনিধিত্ব করেছেন। তাঁকে আপনারা বার বার নির্বাচিত করেছেন। সর্বশেষ শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে আপনারা নির্বাচিত করে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। সেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জানেন, বগুড়ায় কি করতে হবে। তাঁর হাত দিয়েই বদলে যাবে বঞ্চিত বগুড়ার চিত্র।
পরে বাদ জুম্বা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ার কাহালুতে অবস্থিত বেতার কেন্দ্র ও বগুড়া প্রেসক্লাব পরিদর্শন করেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা ছাড়া বাকি সাত জেলার ৫১ জন সাংবাদিককে ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি


































