মো. আজিজার রহমান, খানসামা :
দিনাজপুরের খানসামার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আজ বুধবার (২ অক্টোবর) মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিসহ শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকরা।
সকালে বিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিসহ শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকদের মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সঙ্গে সংহতি জানিয়ে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদেরসহ মনমোহন বিএসসি উপর হামলার নেতৃত্বে থাকা মতিয়ার বাঘা, লিটন মেম্বার, মিজানুর রহমানসহ জড়িত সকল হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
এ ঘটনায় শিক্ষক হামলায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
খানসামায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
অক্টোবর ২, ২০২৪































