রংপুর ও বগুড়া আমন্ত্রণ প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আপনারা যেসব দাবি জানিয়েছেন সেগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন। আপনারা কারও উস্কানিতে কান দেবেন না। হত্যাকাণ্ড ও ধ্বংস লীলার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রংপুর থেকে ঢাকায় ফেরার পথে বগুড়ায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সন্তানদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে, তাই মুক্তিযোদ্ধা কোটার আর প্রয়োজন নেই। এখন ৯৮ শতাংশই মেধার ভিত্তিতে চাকরি পাবে। এ সময় তিনি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা আওয়ামী লীগ অফিস, ভূমি অফিস, জাসদ অফিস, থানা ভবন ও জার্জেস কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন।
মন্ত্রী বলেন, আমরা মনে করেছিলাম ছাত্রদের দাবি মেনে নেওয়ার পর সরকার ও প্রধান বিচারপতিকে ধন্যবাদ দেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম কোটা আন্দোলনের ওপর ভর করে যে সকল দল একত্র হয়ে দেশকে অকার্যকর করতে ধ্বংস লীলা চালিয়েছে তারা আবার সক্রিয় হচ্ছিল। আমরা তখন কারফিউ দিতে বাধ্য হলাম।’
তিনি বলেন, জঙ্গিবাদের উত্থান চায় যারা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায় যারা তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও এতিহ্য জাতীয় আর্কাইভ পুড়িয়ে দিয়েছে। তাদের কারণে অনেক প্রাণহানি হয়েছে। তাদের কোনো ছাড় নেই। যারা বাংলাদেশ চায়নি তাদের এমন রাগ ক্ষোভ থাকার কথা।
এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু এমপি, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, সাহাদারা মান্নান এমপি, ডা. মোস্তফা আলম এমপি, রেজাউল করিম তানসেন এমপি, পুলিশ সুপার জাকির হোসেন প্রমুখ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন,‘আমার কাছে কষ্ট লাগে রংপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যখন দুর্বৃত্তরা ভাঙচুর করল, আগুন দিল, তখন তো আপনাদের ঘুরে দাঁড়ানোর কথা। আপনারা কীভাবে ভুলে গেলেন আমরা বীরের জাতি, দেশ স্বাধীন করেছি। আমাদের হাতে অস্ত্র ছিল না, শুধু জয় বাংলা স্লোগান দিয়ে দেশ স্বাধীন করেছি। আমরা যদি নীরব দর্শকের ভূমিকায় থাকি তাহলে আমাদের ঘরে ঘরে ঢুকে মেরে ফেলবে। এটারই প্রমাণ আপনারা পেয়েছেন।’
জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য টিপু মুনশি, নাছিমা জামান ববি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
সভায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক স্বপন, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কোটা সংস্কার আন্দোলন থেকে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্ত রংপুরের তাজহাট থানা, গোয়েন্দা বিভাগের কার্যালয়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আমন্ত্রণ/এজি
কারও উস্কানিতে কান দেবেন না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জ্মান কামাল ৯৮ শতাংশই মেধার ভিত্তিতে চাকরি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৬, ২০২৪
































