আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নাগোয়া ও আইচিতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এবারের আসরে ক্রিকেটেও অংশ নেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক কমিটি।
১৫ সদস্যের দলটির নেতৃত্বে থাকবেন জাতীয় দলের ওপেনার ও উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাটার তাওহীদ হৃদয়।
এবারের স্কোয়াডে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাইকে রাখা হয়েছে। জিম্বাবুয়ে সফরের সর্বশেষ টি-টোয়েন্টি দল থেকে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। পেস আক্রমণে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ।
তবে ইনজুরির কারণে দলে নেই পেসার নাহিদ রানা। চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় তাকে বিবেচনা করেননি নির্বাচকরা। অন্যদিকে, তাসকিন আহমেদকে রাখা হয়েছে বিশ্রামে। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি আব্দুল গাফফার সাকলাইন ও কাজী নুরুল হাসান সোহানের।
নাগোয়া শহর থেকে প্রায় ৪০ মিনিটের দূরত্বে অবস্থিত ‘করোগি স্পোর্টস পার্কে’ অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেটের ম্যাচগুলো।
এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের দলটি হলো—লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
শক্তিশালী এই দল নিয়ে এশিয়ান গেমসে ভালো ফল করার লক্ষ্য নিয়েই জাপানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেই তাসকিন ও নাহিদ রানা
সেপ্টেম্বর ৩, ২০২৬
































