দৈনিক আমন্ত্রণ, ক্রীড়া ডেস্ক :
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেরও খুব একটা দেরি নেই। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশেই বসবে নারী ক্রিকেটের বৈশ্বিক এ আসর। ঘরের মাঠে ভালো কিছুর আশায় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে দর্শক সবাই। তাই বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি। সে জন্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইতোমধ্যেই সিলেটে অবস্থান করছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৪টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
বিশ্বকাপের আগে এ সিরিজকে প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে দেখছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গতকাল শনিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেটিই জানালেন তিনি। জ্যোতি বলেন, ‘আমি যেটা চিন্তা করছি এটা সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত ভালো দল এবং তারা কিন্তু ফুল প্যাকেজ নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে হয়তো তারা এই টিমটাই খেলবে। ওদের জন্য একটা ভালো প্রস্তুতির সুযোগ, আমাদের জন্যও।’
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার নারীদের বিপক্ষে দুঃস্বপ্নের একটা সিরিজ পার করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই। সেখান থেকে কামব্যক করতে হলে ভালো ক্রিকটে খেলতে হবে। এবং এটাকেই সেরা সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং দলটা যে কঠিন সময় পার করে এসেছে। সেটা থেকে কামব্যাক করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের জন্য এটা বড় সুযোগ। সিলেটের মাঠ, এখানে আমাদের অনেক বড় অর্জন নেই হয়তো। কিন্তু ভালো ক্রিকেট খেলার কিছু স্মৃতি আছে। সেগুলোকে নিয়েই ইনশাআল্লাহ চেষ্টা থাকবে।’
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন অন্যরকম দ্বৈরথ কাজ করে। ভারত নারীদের বিপক্ষে গত সিরিজেও যেটা দেখা গিয়েছিল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ড্র করেছিল ওয়ানডে সিরিজে। শেষ ম্যাচে মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তুষ্টি জানিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। পরে সেটি চলে এসেছিল পুরস্কার বিতরণী মঞ্চেও। সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। সেই প্রশ্ন আসতেই জ্যোতি জানালেন সেসব কিছু মনে রাখেনি তারা, ‘প্রথমত দেখেন, জানি না যেটা আপনি বললেন রাইভালরির কথা। অতীতে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু যা হয়েছে, তা অতীত। ওটা নিয়ে আমরা বসে নেই।’ আজকের ম্যাচটা ভালোভাবে শুরুর দিকেই নজর টাইগ্রেসদের কাপ্তান নিগার সুলতানা জ্যোতির।
আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারতের নারীরা বিশ্বকাপ প্রস্তুতির ভালো সুযোগ দেখছেন জ্যোতি
এপ্রিল ২৯, ২০২৪


































