বগুড়া ব্যুরো :
অকাল বৃষ্টি ও কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ায় বগুড়াসহ উত্তরাঞ্চলের ক্ষতিগ্রস্থ আলু চাষীদের রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। আজ শনিবার (২৮ মার্চ) সাড়ে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এই কর্মসূচি পালন করে।
অকাল বৃষ্টির কারণে কৃষককম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ায় বগুড়াসহ উত্তরাঞ্চলের আলু চাষীরা চরম সংকটে পড়েছেন বলে দাবি করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি কৃষক নেতা মাসুদ পারভেজ। এতে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব অ্যাডভোকেট দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সদস্য শাহজাহান আলী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি নিয়তি সরকার নিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল বর্মন।
সমাবেশে বক্তারা বলেন, অকাল বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আলুখেত পানিতে তলিয়ে গিয়ে কৃষকরা নতুন করে বিপাকে পড়েছেন। বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় নিচু জমির আলুখেত পানিতে তলিয়ে থাকায় অনেক আলু পচে নষ্ট হচ্ছে। বিশেষ করে যেসব জমিতে এখনো আলু উত্তোলন শেষ হয়নি, সেসব খেতে ক্ষতির পরিমাণ বেশি।
নেতৃবৃন্দ আরও বলেন, শিলাবৃষ্টির কারণে দেরিতে লাগানো আলুর গাছও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকরা ফলন ও ন্যায্য মূল্য—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় দ্রুত সরকারি সহায়তা এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
তারা অবিলম্বে স্বল্পমূল্যে ভেজালমুক্ত সার, বীজ ও কীটনাশক প্রকৃত কৃষকদের কাছে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ, ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ প্রদান এবং সরকারি উদ্যোগে প্রয়োজনীয় হিমাগার নির্মাণের দাবি জানান।
আমন্ত্রণ/এজি
অকাল বৃষ্টিতে আলুর বাজারে ধস বগুড়ায় ক্ষতিগ্রস্ত আলুচাষীদের রক্ষায় মানববন্ধন
মার্চ ২৮, ২০২৬


































