প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সাত বছরের শিশু আবু তালহা অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিল সে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শিশুটিকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন এলাকাবাসী। গ্রামের মানুষ যার যা সামর্থ্য ছিল দিয়েছে। বিশেষ করে জামান ভাই ও ছোট ভাই রবিউল দিনরাত ছুটেছেন চিকিৎসার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন ছড়িয়ে পড়েছিল। একসময় আশার আলোও জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু নামের নির্মম দেয়ালে ঠেকে থেমে যায় ছোট্ট তালহার জীবন।
তালহার মৃত্যু সংবাদে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। সবার মুখে শুধু হতাশা ও কান্না। প্রতিবেশী ইউসুফ আলী জানান, “সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কান্নার শব্দ শোনা গেছে। তালহা সবার প্রিয় ছিল। তার হাসি এখন শুধু স্মৃতি।”
আবু তালহা স্বপ্ন দেখেছিল সুস্থ হয়ে আবার মাদ্রাসায় ফিরে যাবে, বন্ধুদের সঙ্গে বসবে ক্লাসে, মুখস্থ করবে কোরআনের আয়াত। কিন্তু সেই স্বপ্ন আজ অপূর্ণই থেকে গেল। নিভে গেল এক নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ।
তালহার খালা ভেঙে পড়া কণ্ঠে বলেন, “আমরা শুধু চাই সবাই দোয়া করুক, আল্লাহ যেন আমার তালহাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
আমন্ত্রণ/এসিজি


































