জাহিদুল ইসলাম জাহিদ, আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
দেশে এখন সজনে ডাটার মৌসুম না। কিন্তু বাজারে সচরাচর পাওয়া যাচ্ছে সবজী জাতীয় এই পণ্যটি। ফলে ভোক্তাদের চাহিদা পূরণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে সজনে ডাটা। প্রতি কেজি সজনে ডাটা বন্দরের মোকামে পাইকারি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। আবার খুচরা পর্যায়ে ১৮০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিনিধি নুরল ইসলাম জানান, প্রায় প্রতিদিন ভারত থেকে আমদানি হচ্ছে। গত দুইদিনে হিলি বন্দর দিয়ে ৯০ মেট্রিকটন আমদানি হয়ে এসেছে। প্রতি মেট্রিক টন সজনে ডাটা আমদানি হচ্ছে ১৫০ মার্কিন ডলারে। আর প্রতি কেজিতে কাস্টমস ট্যাক্স দিতে হচ্ছে ২০ টাকার মতো।
তিনি আরও জানান, দেশি সজনে ডাটার এখন মৌসুম না। কিন্তু বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় ভারত থেকে আমদানি করা হচ্ছে। আমদানিকৃত সজনে ডাটা ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে চাহিদা রয়েছে।
এদিকে বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জানান, গেল দুইদিনে হিলি স্থলবন্দর দিয়ে ৯০ মেট্রিক টন সজনে ডাটা আমদানি করা হয়েছে। বন্দরের কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করে নিতে পারেন সেই ব্যাপারে সহযোগিতা করা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি


































